প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
পে-স্কেল দাবি: ডিসি মাসুদসহ আহত বহু, আটক বেশ কয়েকজন
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের 'ভুখা মিছিল' ঘিরে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়লে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রমনা জোনের ডিসি মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 'থালা-বাটি' হাতে ভুখা মিছিল শুরু করেন সরকারি কর্মচারীরা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়েছে। দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সশরীরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা পর্যন্ত পুরো এলাকা এখন নিরাপত্তা বলয়ের আওতায়। তবে কর্মচারীরা জানিয়েছেন, গ্রেপ্তার বা হামলা চালিয়ে তাদের আন্দোলন দমানো যাবে না; দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
Copyright © 2026 All rights reserved.