প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
তারেক রহমানের হাত ধরে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে 'সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে এই ইশতেহার উন্মোচন করা হয়। রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনসহ পাঁচটি প্রধান অধ্যায়ে দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।
আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার পাঠ করেন।
এবারের ইশতেহার তৈরিতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’, তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ এবং জুলাই জাতীয় সনদের সমন্বয় ঘটানো হয়েছে।
ইশতেহারের ৫টি প্রধান অধ্যায়:
১. রাষ্ট্র কাঠামোর সংস্কার: শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
২. আর্থ-সামাজিক উন্নয়ন: বৈষম্য দূর করে টেকসই ও শক্তিশালী রাষ্ট্রীয় সক্ষমতা তৈরি।
৩. অর্থনৈতিক পুনরুদ্ধার: বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে সচল ও সুসংগঠিত করা।
৪. আঞ্চলিক উন্নয়ন: দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের সমবন্টন।
৫. সংস্কৃতি ও সংহতি: ধর্ম, ক্রীড়া এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আমন্ত্রণে তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে ইশতেহার পাঠ শুরু করেন। 'করবো কাজ, গড়বো দেশ'—এই মূলনীতিকে সামনে রেখে বিএনপি জনগণের সামনে তাদের আগামীর পরিকল্পনা তুলে ধরেছে।
Copyright © 2026 All rights reserved.