প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
ভৈরবে ছাত্র হত্যা: খুনি মিরাজ ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিনিধি: ভৈরবে কলেজছাত্র আবু সুফিয়ান হত্যাকাণ্ডের মূল হোতা ছিনতাইকারী মিরাজকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যৌথ বাহিনীর উপস্থিতিতে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি রাতে পল্লবী কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ানকে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে দেয় ছিনতাইকারীরা। এই মামলার প্রধান আসামি মিরাজকে আজ কড়া নিরাপত্তায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মিরাজ একাই তিনটি ছিনতাইকারী দলের নেতৃত্ব দিত এবং তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপরাধীকে শনাক্ত ও আলামত উদ্ধারের সময় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আরএনবি সদস্যরা উপস্থিত ছিলেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইয়িদ আহমেদ।
জয়নাল আবেদীন রিটন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.