প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
ইসলামাবাদে জুমার নামাজে বিস্ফোরণ: নিহত ১৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় একটি ইমামবাড়িতে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইসলামাবাদের তারলাই এলাকায় নামাজ চলাকালীন এই ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের পর পরই উদ্ধারকারী সংস্থা 'রেসকিউ ১১২২' এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফরেনসিক দল বর্তমানে পরীক্ষা করে দেখছে এটি আত্মঘাতী হামলা ছিল নাকি আগে থেকে পেতে রাখা কোনো বোমা।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) ও পলিক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগ চালু রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, উজবেকিস্তানের প্রেসিডেন্টের পাকিস্তান সফরের মধ্যেই এই নাশকতার ঘটনা ঘটল। সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এই হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে একটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।
Copyright © 2026 All rights reserved.