প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার জলমহাল লুটপাট
নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনেও সুনামগঞ্জে বন্ধ হয়নি লুটপাট কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার সবকটি উপজেলার জলমহালগুলোতে শুরু হয় মাছ লুটপাট কর্মকান্ড। সেই ২০২৪ সালের আতঙ্ক যেতে না যেতেই আবারো শুরু হল জলমহাল লুটপাটের মহোৎসব।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শতশত মানুষ জড়ো হয়ে দিনে-দুপুরে আনন্দ-উল্লাসে প্রকাশ্যে সদর উপজেলার জাওয়ার হাওরের মেইন ডুবি জলহালটি লুটে নেয় কয়েকশত মানুষ। এতে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে জানান ইজারাদার।
জলমহালের ইজারাদার কালিপুর হাছন বসত গনিপুর মংস্যজীবি সমবায় সমিতির সভাপতি মহি উদ্দিন বলেন, জলমহালের আশপাশের অন্তত ৬-৭ টি গ্রামের ৪/৫শ হাজার মানুষ আনন্দ-উল্লাসে বিলের মাছ লুট করে নিয়ে গেছে। কয়েকশো মানুষ একসাথে জড়ো হওয়ায় প্রতিহত করাও সম্ভব হয়নি। তবে এটা পুর্বপরিকল্পিতভাবে লুটপাট করা হয়েছে বলে তিনি জানান।
মংস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুনুর মিয়া জানান, সকাল থেকেই ৬/৭টি গ্রামের মানুষ জড়ো হয়ে বিলের পাহারাদারদের বের করে দিয়ে মাছ লুটপাট করে নিয়ে যায়। শতশত মানুষ হওয়ায় এই লুটপাট থামানো সম্ভব হয়নি। তবে আমরা সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করবো।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, আমরা এই বিষয়ে কোনো খবর পাইনি। এমনকি কোনো অভিযোগও দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিপ্লব রায়/রাজধানী
Copyright © 2026 All rights reserved.