প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
যমুনা অভিমুখে সংঘর্ষের পর শাহাবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও মিন্টো রোড এলাকা। যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সংঘর্ষে মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের 'অ্যাকশনে' মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে বিকাল সোয়া ৫টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম রাহুলসহ ৫ জন এখনও পলাতক। খুনিদের গ্রেফতার ও উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শাহবাগ মোড় অবরোধের ফলে মৎস্য ভবন, বাংলামোটর ও সায়েন্স ল্যাব অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জাতীয় জাদুঘরের পাশের একটি সরু গলি দিয়ে সীমিত পরিসরে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়।
Copyright © 2026 All rights reserved.