প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
বিএনপির নির্বাচনী ইশতেহার: ৯ অগ্রাধিকার ও নতুন সামাজিক চুক্তি
মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ৯টি বিশেষ বিষয়কে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার প্রকাশ করেন। বিএনপি একে কেবল প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে এক 'নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি' হিসেবে অভিহিত করেছে। যেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেপাল চালুর মতো গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে।
প্রায় দুই দশক পর সরকার গঠনের লক্ষ্যে আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন, বিএনপি প্রতিশোধ নয়, বরং ন্যায় ও অধিকারের রাজনীতিতে বিশ্বাসী। অনুষ্ঠানে জানানো হয়, ক্ষমতায় গেলে লুটপাট নয়, বরং জনগণের অধিকার ও উৎপাদনশীলতা হবে রাষ্ট্রের মূল নীতি।
ইশতেহারে দেশের মানুষের জন্য ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে:
• ফ্যামিলি কার্ড: নিম্নআয়ের পরিবারকে মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের পণ্য প্রদান।
• কৃষক কার্ড: ফসলের ন্যায্যমূল্য, বীমা ও সহজ ঋণের নিশ্চয়তা।
• স্বাস্থ্যসেবা: ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও মা-শিশুর চিকিৎসায় বিশেষ গুরুত্ব।
• শিক্ষা: আনন্দময় শিক্ষাব্যবস্থা ও প্রাথমিক স্তরে 'মিড-ডে মিল' চালু।
• তরুণদের কর্মসংস্থান: সরকারি নিয়োগে মেধার প্রাধান্য এবং বৈশ্বিক ই-কমার্সে যুক্ত করা।
• প্রযুক্তি: আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে 'পেপাল' (PayPal) চালু ও ডিজিটাল অর্থনীতি।
• পরিবেশ: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন।
• সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য বিশেষ কল্যাণ ব্যবস্থা।
• ক্রীড়া: জেলা-উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শরিক দলের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি কূটনীতিক, বিশিষ্ট সম্পাদক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই ইশতেহারকে ঐতিহাসিক উল্লেখ করে নেতাকর্মীরা বলছেন, এটি আগামীর সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি।
Copyright © 2026 All rights reserved.