প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থই সবকিছুর ঊর্ধ্বে: সালাহউদ্দিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির মূল নীতি হলো দেশের স্বার্থকে সবকিছুর উপরে রাখা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়ার ডুলহাজারায় এক নির্বাচনী পথসভায় তিনি একটি বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চকরিয়ার ডুলহাজারা ও মালুমঘাট এলাকায় একাধিক পথসভায় যোগ দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন। বিএনপির নেতৃত্বে একটি মানবিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আগামীর বিএনপি সরকার হবে উন্নয়নের সরকার। যেখানে সুশাসন, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ লুণ্ঠন ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে উন্মুখ হয়ে আছে।
এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজিত এক সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। চকরিয়া ও পেকুয়ার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.