প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
৪৪তম বিসিএসে ১৪৯০ জনের নিয়োগ: ৯ ফেব্রুয়ারি শেষ সময়
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের সাত মাস পর ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে বা নির্দিষ্ট দপ্তরে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পিএসসির সুপারিশের ভিত্তিতে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিরা অন্যান্য কারিগরি ও সাধারণ ক্যাডারে নিয়োগ পেয়েছেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ না দেন, তবে তিনি চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগের পর যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক তথ্য বা আইনগত জটিলতা পাওয়া যায়, তবে কর্তৃপক্ষ ওই প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার অধিকার রাখে। উল্লেখ্য, গত বছরের ৩০ জুন পিএসসি ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করলেও চূড়ান্ত গেজেটে ১৪৯০ জনের নাম প্রকাশ করা হলো।
Copyright © 2026 All rights reserved.