প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির
সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এরপর সংঘর্ষ ও লাঠিচার্জের প্রতিবাদে বিকেলে ৫টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। তারা শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
এর আগে বিকেলে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের দাবি, পুলিশ তাদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.