প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
যমুনার সামনে গুলি চালায়নি পুলিশ: ডিএমপির বিশেষ বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 'গুলি ছোড়ার' দাবিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন আগে থেকেই নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও আজ শুক্রবার বিভিন্ন দাবিতে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। এই অভিযানে কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। ডিএমপি আরও জানায়, অভিযানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আঘাত পেয়েছেন।
পুলিশের দাবি, একটি মহল বিশেষ উদ্দেশ্য হাসিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
Copyright © 2026 All rights reserved.