প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
নির্বাচন এবার জাতি পুনর্গঠনের: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাই নয়, বরং এটি হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়া এবং জাতি পুনর্গঠনের লড়াই।
শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি উত্তরবঙ্গকে শিল্পাঞ্চলে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং কৃষি ও নারীদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান উত্তরবঙ্গের চার জেলা—ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্প সমৃদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালু করা হবে। এছাড়া এই অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হিমাগার এবং চিনিকল ও তাঁত শিল্প পুনরুজ্জীবিত করার আশ্বাস দেন তিনি।
কৃষকদের সুবিধার্থে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সহজেই ঋণ পাওয়া যাবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।
নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি মনে করিয়ে দেন, বেগম খালেদা জিয়া বিনামূল্যে নারী শিক্ষার সূচনা করেছিলেন এবং বিএনপি সেই ধারা বজায় রেখে নারীদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেবে।
২০২৪-এর গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "৭১ বা ২৪-এ আমরা কে হিন্দু, কে মুসলিম তা দেখিনি। হাজার বছর ধরে আমরা যেভাবে শান্তিতে বাস করেছি, ভবিষ্যতেও ধর্ম দিয়ে নয় বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মানুষের বিচার করা হবে।" তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
Copyright © 2026 All rights reserved.