প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
২৭ দিন পর চলে গেল সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ জানুয়ারি নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছিল এই স্কুলছাত্রী। তার মৃত্যুতে টেকনাফে শোকের ছায়া নেমে এসেছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
হুজাইফার চাচা শওকত আলী জানান, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে অস্ত্রোপচার করা হলেও মাথার ভেতর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছিল।
দীর্ঘ কয়েক মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলা সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তে। প্রায়ই ওপার থেকে ছোড়া গুলি, মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠছে টেকনাফের জনপদ। হুজাইফার এই অকাল মৃত্যু সীমান্তবাসীর মনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। স্থানীয়রা সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। বর্তমানে হুজাইফার মরদেহ ঢাকা থেকে টেকনাফে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.