প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
ঠাকুরগাঁও-১: ফখরুলের ‘শেষ’ বনাম দেলাওয়ারের ‘প্রথম’ লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার নজর এখন উত্তরের জনপদ ঠাকুরগাঁও-১ আসনে। এই আসনে একদিকে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এটিকে তার জীবনের 'শেষ নির্বাচন' হিসেবে ঘোষণা করেছেন। অন্যদিকে, প্রথমবারের মতো সংসদ নির্বাচনে লড়ছেন জামায়াতে ইসলামীর তরুণ নেতা মো. দেলাওয়ার হোসেন। দুই দলের মর্যাদার এই লড়াইয়ে নতুন ও সংখ্যালঘু ভোটাররাই জয়-পরাজয়ের প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন।
১৯৯১ সাল থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মির্জা ফখরুল এবার বয়সের কারণে কিছুটা আবেগপ্রবণ। ভোটারদের কাছে তিনি আজও ‘মির্জা স্যার’ হিসেবে পরিচিত। নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তার সঙ্গে প্রচারণায় নেমেছেন স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে শামারুহ ও শাফারুহ। এলাকার মানুষের সঙ্গে গভীর আত্মিক সম্পর্কই তার প্রধান শক্তি।
জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন সাবেক ছাত্রশিবির সভাপতি এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় নেতা। তিনি ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি এবং আধুনিক ঠাকুরগাঁও গড়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। জামায়াত এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে জানপ্রাণ দিয়ে জয়ের চেষ্টা চালাচ্ছে।
৪ লাখ ৮৭ হাজারের বেশি ভোটারের এই আসনে প্রায় ১ লাখ ৯২ হাজার নতুন ভোটার। কৃষিপ্রধান এই জেলার ভোটারদের প্রধান দাবি—ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। শ্রমের হাটে দাঁড়ানো দিনমজুর থেকে শুরু করে সাধারণ কৃষক, সবারই চাওয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে তারা নিরাপদে তাদের রায় দিতে পারবেন।
Copyright © 2026 All rights reserved.