প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
নির্বাচন: ১০ ফেব্রুয়ারির ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে জানানো হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করতেই ১০ ফেব্রুয়ারির পূর্বনির্ধারিত সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি মূলত শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ সহজ করার একটি উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। অর্থাৎ, অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা স্থগিতের আওতায় পড়ছে না।
Copyright © 2026 All rights reserved.