প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব
আগামীকাল ৮ ফেব্রুয়ারি (রবিবার) থেকে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য অফিশিয়াল ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রায় চার মাস আগেই এই কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বাংলাদেশের হজযাত্রীদেরও এই নির্দিষ্ট সময়ের মধ্যে (৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ) ভিসার জন্য আবেদন সম্পন্ন করতে হবে। তবে এবার ভিসার আবেদনের জন্য ‘ফিটনেস সনদ’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে এবার অনেক আগেই ভিসা কার্যক্রম শুরু হচ্ছে। গালফ নিউজের তথ্যমতে, ইতোমধ্যে আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মক্কায় আবাসন এবং মিনা-আরাফাতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দের চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত লাখ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনোভাবেই ভিসার আবেদন করা যাবে না। আগামী ২০ মার্চের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে ভিসার জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.