প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তিন বন্ধু রহমত আলী, সাহাবী ও সাইফ আলী একটি পালসার মোটরসাইকেলে করে সকালে প্রাইভেট পড়তে যায়। পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে দৌলতখালী-কিশোরীনগর সড়কের হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমত আলী (১৪) ও সাহাবীকে (১৪) মৃত ঘোষণা করেন। আহত সাইফ আলীর (১৪) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত রহমত দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে এবং সাহাবী একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। অকালে দুই ছাত্রের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল আলীম সাচ্চু/রাজধানী
Copyright © 2026 All rights reserved.