প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
লুটপাটকারীদের ছাড় দেবে না রাষ্ট্র: জামায়াত আমির
সিলেটের এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অর্থ লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। তিনি জানান, লুণ্ঠিত টাকা যেখানেই থাকুক, রাষ্ট্র তা শক্ত হাতে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেবে। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে পারলে মাত্র পাঁচ বছরেই বাংলাদেশের আমূল পরিবর্তন সম্ভব বলে তিনি দাবি করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, লুণ্ঠিত অর্থ স্বেচ্ছায় ফেরত না দিলে রাষ্ট্র তা যেকোনো উপায়ে আদায় করবে। নিজের প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, দায়িত্ব পেলে দেশের এক ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেবেন না। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, যারা তার দিকে 'মিসাইল' ছুড়ছে, তাদের আধুনিক বিশ্বের 'অ্যান্টি-মিসাইল' সম্পর্কে ধারণা থাকা উচিত।
সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দেওয়া এবং ম্যানচেস্টারসহ বন্ধ রুটগুলো পুনরায় চালুর অঙ্গীকার করেন জামায়াত আমির। প্রবাসীদের লাশের প্রতি অবহেলার কঠোর সমালোচনা করে তিনি তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের একবার সুযোগ দিন, আমরা আপনাদের সেবক বা চৌকিদার হিসেবে পাশে থাকব।"
Copyright © 2026 All rights reserved.