প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
অপরাধীদের আর সতর্ক নয়, অ্যাকশন হবে সরাসরি: চট্টগ্রাম ডিসি
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আনোয়ারায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীদের আর সতর্ক করা হবে না, এখন থেকে সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কোনো প্রকার অজুহাত সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, "এখন ভয় পাওয়ার নয়, ত্যাগের সময়। কোনো ব্যক্তির দাসত্ব নয়, আমরা রাষ্ট্রের দাসত্ব করব।" তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে জনগণের প্রত্যাশা পূরণ করে তবেই তারা ঘরে ফেরেন। নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের দমনে প্রশাসন এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে ডিসি জানান, কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিলে খবর দেওয়ার ৫ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে যাবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ব্যক্তিগত কোনো সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে সাহসের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরপেক্ষতার ওপর জোর দেন। বক্তারা বলেন, সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তাই সততার প্রমাণ দেওয়া আমাদের দায়িত্ব। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এই সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।
Copyright © 2026 All rights reserved.