প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব: তারেক রহমান
নির্বাচন বন্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর এক জনসভায় তিনি বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল চক্রান্ত শুরু করেছে, যাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। ১২ তারিখের নির্বাচনে জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নীলফামারীসহ উত্তরাঞ্চলকে শিল্পাঞ্চলে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের নয়, বরং জাতিকে পুনর্গঠন ও জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার লড়াই। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর স্বৈরাচার কেবল নিজের স্বার্থ দেখেছে, কিন্তু বিএনপি জনগণের সমর্থনে দেশ পরিচালনা করতে চায়। নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্প ও কৃষি হাবে রূপান্তর করার ঘোষণা দেন তিনি।
কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং এনজিওর ক্ষুদ্র ঋণ সরকারিভাবে পরিশোধের বড় প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়া প্রতিটি কৃষককে 'কৃষি কার্ড' এবং নারীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' দেওয়ার কথা জানান। নারীদের কর্মসংস্থানে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং যুবকদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
উত্তরাঞ্চলের উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, নতুন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বিশ্বাস করেন, দুর্নীতি ও বেইনসাফি দূর করে কৃষিনির্ভর শিল্প বিকশিত করতে পারলে উত্তরাঞ্চলের চেহারা দ্রুত পাল্টে যাবে।
Copyright © 2026 All rights reserved.