প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে গুলিবিদ্ধ ২
মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই সংঘর্ষে অন্তত দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মল্লিকের সমর্থকরা প্রচারে বের হলে ধানের শীষ প্রতীকের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গুলিবিদ্ধ লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলুখেতের ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করার দৃশ্য এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল, যা নির্বাচনের উসকানিতে সংঘর্ষে রূপ নিয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.