প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
যুক্তরাজ্য ভিসায় বড় পরিবর্তন: আর থাকছে না স্টিকার
যুক্তরাজ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পাসপোর্টে ঐতিহ্যবাহী ভিসা স্টিকারের পরিবর্তে পুরোপুরি ডিজিটাল ‘ই-ভিসা’ (eVisa) পদ্ধতি চালু হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিটিশ অভিবাসন ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম পরিচালিত হবে। যারা এই তারিখের পর সফলভাবে ভিসার আবেদন করবেন, তারা আর পাসপোর্টে কোনো কাগুজে স্টিকার পাবেন না। এর বদলে তাদের একটি ডিজিটাল রেকর্ড বা ই-ভিসা প্রদান করা হবে, যা অনলাইনে সংরক্ষিত থাকবে।
যাত্রীরা যখন যুক্তরাজ্যে ভ্রমণ করবেন, তখন এয়ারলাইনস এবং অভিবাসন কর্তৃপক্ষ সরাসরি অনলাইনে তাদের ই-ভিসা যাচাই করতে পারবে। এতে পাসপোর্ট হারানো বা ভিসা স্টিকার জালিয়াতির ঝুঁকি কমবে এবং সামগ্রিক প্রক্রিয়া আরও দ্রুততর হবে। যারা ইতোমধ্যে স্টিকার ভিসা পেয়েছেন বা ২৫ ফেব্রুয়ারির আগে পাবেন, তাদের জন্য নির্দেশিকা পরবর্তী সময়ে জানানো হবে।
এই নতুন ব্যবস্থার বিস্তারিত প্রক্রিয়া এবং কীভাবে ই-ভিসা ব্যবহার করতে হবে, তা জানতে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিবাসন ব্যবস্থাকে ‘পেপারলেস’ করার লক্ষ্যেই যুক্তরাজ্য সরকার এই বিশ্বব্যাপী পরিবর্তন আনছে।
Copyright © 2026 All rights reserved.