প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপি বরদাশত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে তিনি জানান, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ ১৮ লাখ কর্মী প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে ভোটের জন্য দেশে যথেষ্ট সহায়ক পরিবেশ বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
ইসি মাছউদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে পোস্টার অপসারণ ও কর্মসূচি পরিবর্তনের মাধ্যমে সহযোগিতার পরিচয় দিচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচনের প্রতিকূলে যায় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কমিশনের ওপর কোনো বহিঃশক্তি বা অভ্যন্তরীণ চাপ নেই বলেও তিনি নিশ্চিত করেন।
নির্বাচনের মাঠে মোতায়েন করা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যদের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানান এই কমিশনার। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া শরীফ ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার তাগিদ দেন।
রংপুরের ৬টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই সভায় নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ করা হয়। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.