প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: আব্বাস
আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কাকরাইলে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশকে শান্তিতে থাকতে দিতে চায় না। একইসঙ্গে প্রশাসনের একটি মহল নির্দিষ্ট কিছু প্রার্থীকে জিতিয়ে আনার নীল নকশা করছে বলেও তিনি অভিযোগ করেন।
মির্জা আব্বাস অভিযোগ তুলে বলেন, সরকারের ভেতর থেকে একটি মহল নির্দিষ্ট কিছু প্রার্থীর তালিকা তৈরি করেছে যাদের যেকোনো মূল্যে পাশ করানোর চেষ্টা চলছে। তিনি বলেন, "পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কিছু প্রার্থী ভোট পাওয়ার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করছেন।" এমন পক্ষপাতিত্ব দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি বলে তিনি সতর্ক করেন।
২৪-এর গণ-অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারো নয় উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি দীর্ঘ বছর জেল-জুলুম সয়ে আন্দোলনের পথ তৈরি করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ বিদায় নিলেও এখন কিছু মানুষ মনে করছে ক্ষমতা তাদের পৈতৃক সম্পত্তি এবং তারা বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট এখন পরোক্ষভাবে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, গত ১৭-১৮ বছর এই এলাকার মানুষ এমপির দেখা পায়নি। অথচ তিনি মন্ত্রী বা মেয়র থাকাকালীন সবসময় সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে ছিলেন। আগামীতে নির্বাচিত হলে রমনা পার্কের উন্নয়নসহ এলাকার মৌলিক সমস্যাগুলো সমাধানে অতীতের মতোই পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
Copyright © 2026 All rights reserved.