প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
হতাশাগ্রস্ত হয়ে একটি দল আবোল-তাবোল বলছে: বাবর
নির্বাচনী মাঠের পরিবেশ নিয়ে প্রতিপক্ষকে কড়া ভাষায় সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মদন উপজেলায় এক জনসভা শেষে তিনি বলেন, একটি রাজনৈতিক দল পরাজয়ের ভয়ে হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে। বিশেষ করে ওই দলের শীর্ষ নেতার অসংলগ্ন আচরণ ও বক্তব্য নিয়ে তিনি কটাক্ষ করেন এবং ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার না করতে সতর্ক করেন।
নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজার তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভা শেষে বাবর সাংবাদিকদের বলেন, "একজন মুরুব্বি মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন। কখনো শুয়ে পড়ছেন, আবার কখনো নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।" তিনি ওই নেতার নাম উল্লেখ না করে তাকে মুরুব্বিয়ানা বজায় রাখার পরামর্শ দেন এবং তার মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তোলেন।
লুৎফুজ্জামান বাবর আরও অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট দল নির্বাচনকে সামনে রেখে ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করছে। তিনি মনে করেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং তারা সব দেখছেন। ধর্মের এই রাজনৈতিক ব্যবহারের উপযুক্ত বিচার ও প্রতিফলন জনগণ ব্যালটের মাধ্যমেই দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় বাবর নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিপক্ষের কোনো উসকানিতে পা না দিয়ে ভোটের মাঠে সক্রিয় থাকতে হবে। এ সময় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.