প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নির্বাচন ঘিরে শঙ্কা নেই, ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকা মহানগরীর ২,১৩১টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই এবং পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, রাজধানীর ১,৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন করে এবং ৫১৭টি সাধারণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার জন্য ৭ জন করে সদস্যের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
কমিশনার বলেন, "নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।" তিনি আরও জানান, ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অতীত প্রথা ভেঙে এবার নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভোট কারচুপির কোনো সুযোগ নেই জানিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন ডিএমপি কমিশনার।
Copyright © 2026 All rights reserved.