প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নাটোরে বসতবাড়িতে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে একই পরিবারের আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন এবং পাঁচটি ঘরসহ গবাদিপশু ভস্মীভূত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার বাসিন্দা মোন্তার হোসেনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে ঘটনাস্থলেই মোন্তার হোসেনের পুত্রবধূ আতিয়া ও নাতনি রওজার মৃত্যু হয়। এছাড়া মোন্তারের স্ত্রী মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আগুনে বসতবাড়ির পাঁচটি ঘর, আসবাবপত্র ও একটি মুদি দোকানসহ ১২টি ছাগল পুড়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.