প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নির্বাচনি প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর প্রার্থীরা আর কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগেই সব ধরনের নির্বাচনি কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রচারণার পর্দা নামছে মঙ্গলবার ভোরে। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শুধুমাত্র শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৫ জন।
দলভিত্তিক প্রার্থী সংখ্যা একনজরে:
• বিএনপি: ২৯১ জন (সর্বোচ্চ)
• ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৮ জন
• বাংলাদেশ জামায়াতে ইসলামী: ২২৯ জন
• জাতীয় পার্টি: ১৯৮ জন
• জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২ জন
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই সাথে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।
Copyright © 2026 All rights reserved.