প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
গোবিন্দগঞ্জে বাবার বাড়িতে নববধূর আত্মহত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আফরিন আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজাহার ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভেউর গ্রামের জিয়ারুল ইসলামের সঙ্গে আট মাস আগে বিয়ে হয় আফরিন আক্তারের। সম্প্রতি তিনি স্বামীর বাড়ি থেকে দুবলাগাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের বাবা আজাদুল ইসলাম জানান, তাঁর মেয়ে আফরিন সম্প্রতি হঠাৎ করেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এরই একপর্যায়ে তিনি এই চরম পথ বেছে নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক লাইছুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।
Copyright © 2026 All rights reserved.