প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
থাইল্যান্ড নির্বাচনে রক্ষণশীলদের জয়, আবারও ক্ষমতায় অনুতিন
থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে রক্ষণশীল ও রাজতন্ত্রপন্থী দল ভুমজাইথাই পার্টি। দলটির নেতা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এখন জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে জাতীয়তাবাদী চেতনার পালে হাওয়া লাগায় এই নিরঙ্কুশ সাফল্য পেল দলটি।
রবিবারের (৮ ফেব্রুয়ারি) নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে প্রায় ২০০টিতে জয় পেয়েছে অনুতিনের ভুমজাইথাই পার্টি। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দলটি এখন থাইল্যান্ডের রাজনীতির চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত বিরোধ নিয়ে কঠোর অবস্থান এবং রাজতন্ত্রের প্রতি আনুগত্যই তাদের এই জয়ের প্রধান কারণ। অন্যদিকে, সংস্কারপন্থী 'পিপলস পার্টি' ১২০টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বিপরীতে বড় ধরনের ভরাডুবি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল 'ফেউ থাই পার্টি'র। থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা সীমান্ত সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ভোটাররা দলটির ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বর্তমানে দুর্নীতির দায়ে কারাবন্দী থাকসিনের দল এই নির্বাচনে তৃতীয় অবস্থানে নেমে এসেছে।
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী অনুতিনকে স্থবির অর্থনীতি চাঙ্গা করা এবং বিশাল সাইবার অপরাধ সিন্ডিকেট দমনের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতার এই পরিবর্তনের পরও থাইল্যান্ডের জাতীয়তাবাদী অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতিতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
Copyright © 2026 All rights reserved.