প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে সাংবাদিকদের তীব্র ক্ষোভ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা এই সিদ্ধান্তকে পেশাগত দায়িত্ব পালনে অন্তরায় এবং নির্বাচনের স্বচ্ছতা নষ্টের কৌশল হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, ডিজিটাল যুগে মোবাইল ছাড়া তাৎক্ষণিক সংবাদ প্রচার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক এক নির্দেশনায় জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। এই নির্দেশনায় সাংবাদিকদের নাম না থাকায় তাঁরা কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইসির এমন নজিরবিহীন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
সংগঠনটির সভাপতি কাজী জেবেল বলেন, এই সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। বর্তমানে মাঠ পর্যায়ের সাংবাদিকরা ছবি তোলা, ভিডিও রেকর্ড এবং সংবাদ পাঠানোর জন্য প্রধানত মোবাইল ফোনের ওপর নির্ভরশীল। কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ থাকলে জালিয়াতি বা অনিয়মের চিত্র তুলে ধরা যেমন সম্ভব হবে না, তেমনি কোনো সাংবাদিক হামলার শিকার হলে দ্রুত কাউকে জানাতেও পারবেন না। এটি সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি।
সাংবাদিকরা মনে করছেন, এই নির্দেশনার মাধ্যমে পরোক্ষভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বর্তমান যুগে মোবাইল ছাড়া তথ্য সংগ্রহ প্রায় অসম্ভব জানিয়ে তাঁরা অবিলম্বে এই 'হঠকারী' সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। অন্যথায় অবাধ ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহে বড় ধরনের অচলাবস্থা তৈরির আশঙ্কা করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
Copyright © 2026 All rights reserved.