প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নির্বাচনের নিরাপত্তায় আকাশে উড়বে তিন বাহিনীর ড্রোন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করবে তিন বাহিনীর ড্রোন। বিমান বাহিনী, র্যা ব ও বিজিবি এই নজরদারি চালাবে। নির্বাচনের দিন মাঠপর্যায়ের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ড্রোন মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যাবের মহাপরিচালককে চিঠি দিয়েছে ইসি। সংস্থার সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের দিন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ড্রোন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
নতুন এই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, ড্রোনের মাধ্যমে সংগৃহীত সব 'লাইভ ফিড' বা সরাসরি চিত্র নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদান করা হবে। বিশেষ করে বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড একই সঙ্গে ইসি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়েও পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি মনে করছে, ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি চালালে স্বল্প সময়ে মাঠের সঠিক অবস্থা নির্ণয় করা সহজ হবে। এর ফলে ভোটকেন্দ্র এবং এর আশেপাশের এলাকায় কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে এমন ব্যাপক পরিসরে ড্রোনের ব্যবহার নিরাপত্তার বিষয়টিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.