প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
রাজস্ব না বাড়িয়ে পে-স্কেল দিলে বাড়বে মূল্যস্ফীতি: গভর্নর
আয় না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়বে, যা সরাসরি মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণাকালে তিনি জানান, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমলেও সরকারের ঋণ গ্রহণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, দেশের ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আইনি সংস্কার প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আশানুরূপ নয়। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারে জোরালো ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স নিয়ে ইতিবাচক চিত্র তুলে ধরা হয়। গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক আইএমএফের শর্তানুযায়ী লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ডলার রিজার্ভে যুক্ত করেছে এবং চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এ বছর রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারের গতিশীলতা বাড়াতে নীতি সুদহার করিডোরে কিছুটা পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত টাকা জমা রাখলে ৮ শতাংশের পরিবর্তে ৭.৫০ শতাংশ হারে সুদ পাবে। তবে রেপো রেট বা মূল নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। এই নতুন সিদ্ধান্ত আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
Copyright © 2026 All rights reserved.