প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় গণবিক্ষোভ
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের চার দিনের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সিডনিসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। গত বছর বন্ডি সৈকতে ইহুদিদের ওপর হামলার ঘটনায় সংহতি জানাতে তিনি এই সফর করলেও, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ জনতা। বিক্ষোভকারীরা হার্জোগকে বেসামরিক মানুষ হত্যার জন্য দায়ী করে তাঁর সফরের তীব্র সমালোচনা করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিডনির কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়ে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। জ্যাকসন এলিয়ট নামে এক বিক্ষোভকারী জানান, বন্ডি হামলার ঘটনাটি দুঃখজনক হলেও গাজায় ফিলিস্তিনিদের ওপর চলা নির্মমতার ব্যাপারে অস্ট্রেলিয়ার নেতৃত্বের নীরবতা হতাশাজনক। প্রেসিডেন্ট হার্জোগ দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে গিয়ে দাবি করেছেন, এই সফর কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কেন্দ্রিক।
ইসরায়েলি প্রেসিডেন্টের নিরাপত্তায় সিডনিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টার ও ঘোড়সওয়ার পুলিশের মাধ্যমে শহরজুড়ে টহল দেওয়া হচ্ছে। ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন দেশজুড়ে আরও প্রতিবাদ সভার ডাক দিয়েছে। আল জাজিরার তথ্যমতে, গাজায় দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ এবং অগণিত বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় হার্জোগের ওপর ক্ষুব্ধ সাধারণ অস্ট্রেলীয়রা এই সফরকে প্রত্যাখ্যান করেছেন।
Copyright © 2026 All rights reserved.