প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
অন্ধকার পথে হাঁটছে ইসি: জামায়াত আমির
নির্বাচন কমিশন (ইসি) অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো ‘অন্ধকার পথ’ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। একই সভায় জোটের নেতারা ভোট কারচুপির পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা দেন এবং মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আল্টিমেটাম দেন।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল জনসভার আয়োজন করে ১১ দলীয় ঐক্যজোট। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, একটি পক্ষ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এখন ভোট ‘অপহরণ’ করার চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, জনগণের তথ্য অধিকার হরণ এবং নির্বাচনী অনিয়ম আড়াল করতেই কমিশন ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপের মতো হীন পথ বেছে নিয়েছে। যেকোনো ধরনের কারচুপি রুখে দেওয়ার জন্য তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, তাঁর আসনে একটি দল কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে প্রার্থী করেছে। মামুনুল হক প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করা হবে। এছাড়া জামায়াত আমির ঘোষণা দেন যে, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে এবং নাহিদ ইসলাম নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী করা হবে।
একই সভায় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারের বিতর্কিত সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। জনসভা শেষে জোটের শীর্ষ নেতাদের নেতৃত্বে এলাকায় বিশাল মিছিল বের করা হয়।
Copyright © 2026 All rights reserved.