প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা
পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি স্থিতিশীল ও স্বস্তিকর অর্থনৈতিক ভিত্তি তৈরি করে যাওয়ার দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, পাচার হওয়া অর্থ চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী সরকার আন্তরিক হলে তা ফিরিয়ে আনা সম্ভব হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেন যে, গত ১৮ মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ ছিল, যেখানে পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি। তবে সামগ্রিক অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি অর্থনৈতিক কাঠামো রেখে যাচ্ছি যা পরবর্তী সরকারের জন্য স্বস্তিদায়ক হবে।
অর্থ পাচার প্রসঙ্গে তিনি জানান, কারা কোথায় অর্থ সরিয়ে নিয়েছে তা চিহ্নিত করা হয়েছে। তবে পাচারকৃত অর্থের সঠিক পরিমাণ নির্ণয় এবং তা দেশে ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। পরবর্তী রাজনৈতিক সরকার যদি এ বিষয়ে কঠোর অবস্থান নেয়, তবেই অর্থ উদ্ধার সম্ভব।
নিজের ব্যক্তিগত স্বচ্ছতার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করে উপদেষ্টা বলেন, আমি আমার দায়িত্ব পালনে এমন কোনো কাজ করিনি যার জন্য বিদায়ের পর আমাকে মামলা বা আইনি জটিলতায় পড়তে হবে। তবে অন্য উপদেষ্টাদের বিষয়ে মন্তব্য করা আমার সাজে না। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার এই সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাবে।
Copyright © 2026 All rights reserved.