প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
খতিবের গণভোটকেন্দ্রিক বক্তব্য দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
গণভোট নিয়ে বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের শেষ কর্মদিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি পদে থেকে এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা বিভ্রান্তি ছড়ায় বা সরকারকে বিব্রত করে।
সম্প্রতি জুমার খুতবায় খতিব মুফতি আব্দুল মালেক বলেছিলেন যে, গণভোটে 'না' ভোট দেওয়া জনগণের অধিকার এবং এটি কোনো অপরাধ নয়। খতিবের এই বক্তব্যের প্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররম একটি জাতীয় প্রতিষ্ঠান এবং এর খতিব পুরো জাতির শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি একজন প্রাজ্ঞ আলেম হওয়া সত্ত্বেও তাঁর রাজনৈতিক ঘেঁষা বক্তব্য অনভিপ্রেত।
উপদেষ্টা খালিদ হোসেন স্পষ্ট করেন যে, খতিবসহ মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োজিত আছেন, তারা সবাই রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টার অনুমোদনে নিয়োগপ্রাপ্ত। তাই তাদের প্রত্যেকেরই কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, "খতিবের পদটি রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ও আধ্যাত্মিক। তাঁর কোনো বক্তব্য কোনো দলের বা সরকারের অবস্থানের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়।"
এর আগেও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের 'বেফাঁস' মন্তব্যে সরকারকে জবাবদিহি করতে হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররমের খতিবের অবস্থান বিতর্কমুক্ত থাকা জরুরি। বিষয়টি গণমাধ্যমে আসায় খতিব নিজেও তা অনুধাবন করবেন বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন। তিনি আরও যোগ করেন যে, কোনো গোষ্ঠী বা দলের পক্ষ নিয়ে বক্তব্য দিলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা কাম্য নয়।
Copyright © 2026 All rights reserved.