প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
৫ লাখ ১২ হাজার প্রবাসী ভোটার ভোট দিলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে প্রবাসীদের ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের সুবিধার্থে এবার ডিজিটাল পদ্ধতিতে ব্যালট পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হলেও এখন পর্যন্ত ৫ লাখের বেশি প্রবাসী ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট দেওয়ার পর প্রবাসীরা তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাকবিভাগে জমা দিচ্ছেন, যা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে যারা কর্মস্থল বা অন্য কারণে নিজ এলাকায় নেই, এমন ভোটারদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে ইসি। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
ইসির তথ্যমতে, প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার বড় একটি অংশ রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। ১২ ফেব্রুয়ারির মূল নির্বাচনের আগেই এই পোস্টাল ব্যালটগুলো গণনা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। প্রযুক্তির সহায়তায় ভোটারদের অংশগ্রহণের এই হারকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
Copyright © 2026 All rights reserved.