প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্সের বিশেষ প্রতিবেদন
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই দশকের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান এখন বাংলাদেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আগামী বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে জনমত জরিপের পূর্বাভাস সত্যি হলে, ৬০ বছর বয়সী এই নেতার জন্য এটি হবে এক বিস্ময়কর প্রত্যাবর্তন। প্রতিবেদনে তাঁকে একজন সংযত ও রাষ্ট্রনায়কসুলভ নেতা হিসেবে তুলে ধরা হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তাঁর মূল লক্ষ্য। শেখ হাসিনার ভারত-ঘনিষ্ঠ নীতির বিপরীতে তিনি এমন এক আন্তর্জাতিক অংশীদারত্ব চান, যেখানে দেশ কোনো একক শক্তির ওপর নির্ভরশীল হবে না।
তারেক রহমানের প্রধান প্রতিশ্রুতিসমূহ:
• প্রধানমন্ত্রীত্বের মেয়াদ: স্বৈরাচারী প্রবণতা ঠেকাতে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সর্বোচ্চ ১০ বছর করার প্রস্তাব।
• শিল্পায়ন: তৈরি পোশাক খাতের বাইরে খেলনা ও চামড়াজাত শিল্পের প্রসার ঘটানো।
• সামাজিক সুরক্ষা: দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা।
• গণতন্ত্র পুনরুদ্ধার: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও জনগণের মালিকানা নিশ্চিত করা।
গত ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ বীরোচিত সংবর্ধনায় দেশে ফেরেন তারেক রহমান। রয়টার্স বলছে, শেখ হাসিনার শাসনামলে একের পর এক মামলা ও সাজার মুখে পড়লেও বর্তমানে তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন। লন্ডনে দীর্ঘ প্রবাস জীবনে দলকে সুসংগঠিত রাখার পর এখন সরাসরি মাঠের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তারেক রহমানের ভাষায়, "গণতন্ত্র চর্চার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে পারি এবং দেশ পুনর্গঠন করতে পারি।"
Copyright © 2026 All rights reserved.