প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
২৯৯ আসনে পৌঁছে গেছে ব্যালট পেপার: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে দেশের ২৯৯টি নির্বাচনী আসনেই ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংকালে জানান যে, ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে নতুন দল নিবন্ধন—সব চ্যালেঞ্চ মোকাবিলা করে কমিশন এখন সফলভাবে নির্বাচনের দোরগোড়ায় পৌঁছেছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো বড় কাজগুলো সফলভাবে শেষ করা হয়েছে। নির্বাচনের দিন অপতথ্য বা অপপ্রচার থেকে দূরে থেকে সত্যকে ধারণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ একটি ঘোষণায় তিনি উল্লেখ করেন যে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগে যে কঠোর নীতিমালা দেওয়া হয়েছিল, তা জনস্বার্থে প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালট কিছুটা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশে অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। সচিবের মতে, সীমাবদ্ধতা সত্ত্বেও যে যার অবস্থান থেকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করাটাই এই নির্বাচনের বড় সাফল্য।
Copyright © 2026 All rights reserved.