প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনের আগের দিন অর্থাৎ বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক সংবাদ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং ভোটারদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করার কথা রয়েছে, যা আগামীকাল বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে। গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিই হবে সিইসির দ্বিতীয় ভাষণ।
এবারের ভাষণে তিনি মূলত ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের গৃহীত পদক্ষেপগুলো দেশবাসীর সামনে তুলে ধরবেন। এছাড়া ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সিইসি সেই জোরালো আহ্বান জানাবেন।
উল্লেখ্য যে, আগামী বৃহস্পতিবার সারা দেশে একই দিনে সংসদীয় নির্বাচন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বিশেষ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার সফল বাস্তবায়নে ইসি এবং যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.