প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
প্রশাসন ও ইসি নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে: জামায়াত
নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ কোনোভাবেই একটি 'পাতানো নির্বাচন' মেনে নেবে না এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে আরও দায়িত্বশীল হতে হবে।
জামায়াত আমিরের সঙ্গে ১৬ সদস্যের ইইউ প্রতিনিধি দলের বৈঠক পরবর্তী এই ব্রিফিংয়ে জুবায়ের জানান, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে ইইউ প্রতিনিধিরা জামায়াতের নির্বাচনী প্রস্তুতি এবং তারা কোথাও বাধার সম্মুখীন হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চান।
এছাড়া জুবায়ের অভিযোগ করেন যে, ভোট দিতে গ্রামে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সাধারণ ভোটারদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসাথে তিনি উল্লেখ করেন যে, সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে এসব সমস্যার সমাধান চান তিনি।
Copyright © 2026 All rights reserved.