প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
নির্বাচনের আগের দিন অর্ধকোটি টাকাসহ জামায়াত নেতা আটক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি বলে স্বীকার করেছেন।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ দুপুর পৌনে একটার দিকে গণমাধ্যমকে জানান, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান বিপুল অংকের অর্থ নিয়ে বিমানে যাতায়াতের চেষ্টা করছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার কথা স্বীকার করেন।
তবে পুলিশ এখনো জব্দকৃত টাকাগুলো চূড়ান্তভাবে গণনা করেনি। পুলিশ সুপার জানিয়েছেন, সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে স্বচ্ছতার সাথে টাকাগুলো গণনা করা হবে এবং এরপরই টাকার প্রকৃত পরিমাণ ও এর উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতার আটক হওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
Copyright © 2026 All rights reserved.