প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
টাকাসহ নেতা আটক: জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অর্ধকোটি টাকাসহ বিমানবন্দরে আটক হওয়ার ঘটনায় নিজেদের অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই আটকের বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবে।
আজ দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত তল্লাশিকালে প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধানকে আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, টাকার উৎসের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনার পরপরই জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তহবিল এবং নেতার আটকের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে জামায়াত নেতারা তাঁদের দাবি পেশ করবেন। এদিকে আটক জামায়াত নেতা অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। নির্বাচনের মাত্র একদিন আগে এমন নাটকীয় ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Copyright © 2026 All rights reserved.