প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
টাকাসহ জামায়াত আমির আটক: ব্যবসার দাবি আটকের পর
ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে নামার পরপরই প্রায় ৬০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা এই নেতার লাগেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক বেলাল উদ্দিন পেশায় একজন কলেজ শিক্ষক এবং তিনি দাবি করেছেন, এই টাকা তাঁর ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার জন্য বহন করছিলেন।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ দল বিমানবন্দরে অবস্থান নেয়। তল্লাশির একপর্যায়ে বেলাল উদ্দিনের ব্যাগে ৫০ লাখ টাকার বেশি অর্থ পাওয়া যায়, যা পরে প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আটক জামায়াত নেতা জানান, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায় এবং তিনি সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক।
গার্মেন্টস ব্যবসার কাজের জন্য তিনি এই বিপুল পরিমাণ নগদ টাকা বহন করছিলেন বলে দাবি করলেও তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। নির্বাচনের মাত্র এক দিন আগে এই অর্থ পাচার বা ভোটের মাঠে কালো টাকা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ছিল কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত নেতার বক্তব্য ও টাকার উৎস যাচাই-বাছাইয়ের পাশাপাশি মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.