প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভোট কেনার সময় বিএনপির দুই নেতা আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক হয়েছেন দুই বিএনপি নেতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টাকা দেওয়ার সময় জামায়াত-শিবির কর্মীরা তাঁদের ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে এবং উদ্ধারকৃত টাকাসহ তাঁদের ছেড়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও স্থানীয় বাসিন্দা ফকির মেম্বার ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জনৈক ব্যবসায়ীর বাড়ি থেকে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডেল জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকাশ্যে টাকা বিতরণ করে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তবে বিস্ময়করভাবে, কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক জানান যে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনের ঠিক আগের দিন এমন ‘টাকা বিলি’র ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.