প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে অটল সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।" ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি ইনশাআল্লাহ একটি সচ্ছ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিগত নির্বাচন কমিশনারদের কারাবরণ প্রসঙ্গে সিইসি জানান, বর্তমান কমিশন শুরু থেকেই জনগণের আস্থা ফেরাতে আইন সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে কাজ করে আসছে। এবারের নির্বাচনে রেকর্ড ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার অংশ নিচ্ছেন, যার মধ্যে ৪৫ লাখই নতুন ভোটার। প্রথমবারের মতো প্রায় ৮ লাখ প্রবাসীর জন্য ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার ডিজিটাল সুযোগ রাখা হয়েছে। সিইসি নিশ্চিত করেছেন যে, দেশব্যাপী ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।
সচ্ছতা বজায় রাখতে ৪৫টি দেশ ও সংস্থার ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক ও ৬০ হাজার সাংবাদিককে স্বীকৃতি দিচ্ছে কমিশন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে প্রতিটি কেন্দ্রেই সরাসরি ফলাফল গণনা ও ঘোষণা করা হবে। কোনো অনিয়ম বা বিচ্যুতি দেখলে তা সাহসের সঙ্গে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
Copyright © 2026 All rights reserved.