প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে: কাল ভোট উৎসব ও গণভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘গণভোট-২০২৬’ উপলক্ষে দেশজুড়ে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। ঢাকার বাইরে রাতের মধ্যেই সব সরঞ্জাম পৌঁছে যাবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঐতিহাসিক এই দ্বৈত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ভোটাররা দুটি ভিন্ন রঙের ব্যালট পেপারে তাঁদের রায় দেবেন—সাদা ব্যালটটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালটটি ‘গণভোটের’ জন্য। নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে ২৯৯টি আসনের ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঝুঁকি বিবেচনায় কমিশন সারাদেশে ৮,৭৭০টি কেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ এবং ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনী এলাকায় শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেলের মধ্যেই ঢাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে ইসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.