প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
মুন্না ভাই ও থ্রি ইডিয়টসের সিক্যুয়েল নিয়ে সুখবর
বলিউডপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। তাঁর ক্যারিয়ারের সেরা দুই ব্লকবাস্টার সিনেমা ‘মুন্না ভাই’ এবং ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি নিশ্চিত করেছেন যে, সিনেমা দুটির গল্প নিয়ে তাঁর মাথায় চমৎকার কিছু আইডিয়া এসেছে এবং বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, ‘মুন্না ভাই ৩’ সিনেমার জন্য তিনি একটি বড় মাপের প্লট খুঁজে পেয়েছেন, তবে গল্পের শেষটা কীভাবে আরও নিখুঁত করা যায় তা নিয়ে কাজ করছেন। অন্যদিকে, ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে একটি দারুণ আইডিয়া হঠাৎ করেই তাঁর মাথায় আসে, যা নিয়ে তিনি এখন গুরুত্বের সঙ্গে ভাবছেন।
পরিচালকের হাতে বর্তমানে ৩-৪টি ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট রয়েছে। তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন কোন সিনেমার শুটিং আগে শুরু করবেন। সঞ্জয় দত্ত ও আমির খানের ভক্তরা দীর্ঘদিন ধরে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর ফেরার অপেক্ষায় ছিলেন। হিরানির এই নতুন ঘোষণায় বলিপাড়ায় এখন নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিনেমা দুটির আনুষ্ঠানিক নাম ও অভিনয়শিল্পীদের তালিকা ঘোষণা করা হতে পারে।
Copyright © 2026 All rights reserved.