প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভোটকেন্দ্রে কড়া নজরদারি: ৯০ শতাংশেই থাকছে সিসি ক্যামেরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে জানানো হয়েছে, ২৯৯টি সংসদীয় আসনের মোট ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য সারা দেশে মোতায়েন রয়েছেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের নির্বাচনী ইতিহাসে এত বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী এর আগে কখনো মোতায়েন করা হয়নি। সিসি ক্যামেরার পাশাপাশি বিশেষ প্রয়োজনে ড্রোন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য 'বডি-ওর্ন' ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ইসি আরও জানায়, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ৮৫০টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সানাউল্লাহ আশ্বস্ত করে বলেন, "অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই; যেকোনো বিচ্ছিন্ন ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত।" আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 All rights reserved.